লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।
ফলে জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কায় না গিয়ে সরাসরি দেশে ফিরছেন জাতীয় দলের এই গতি তারকা। সামনে অস্ট্রেলিয়া সফরের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে নিজের ফিটনেস ও প্রস্তুতিকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে তাসকিন এলপিএলে অংশ নিতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন। তবে সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় পরিকল্পনায় পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। ফলে তাকে টি-টোয়েন্টি দলে রেখে দেওয়া হয়।
সেই সময় সিদ্ধান্ত ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে যোগ দেবেন তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
আগামী মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে যাবে। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজের আগে বিশ্রাম, পুনর্বাসন এবং নিবিড় অনুশীলনের মাধ্যমে নিজেকে শতভাগ প্রস্তুত করাই এখন তাসকিনের প্রধান লক্ষ্য।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করতে পারে বিসিবির নির্বাচক প্যানেল।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
কসমিক ডেস্ক