ধর্মীয় বিশ্বাসের কারণে শনিবার দিনের বেলায় কোনো জাগতিক কাজ করেন না খ্রিস্টান সম্প্রদায়ের সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর অনুসারীরা। এ কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার শনিবারের পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে দিতে পারছেন না এ সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তাঁদের জন্য সূর্যাস্তের পর রাতে পরীক্ষা নেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে শিক্ষা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডটির অধীনে এমন দুইজন পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের একজন চট্টগ্রাম জেলার এবং অপরজন বান্দরবান জেলার বাসিন্দা।
প্রশ্নের গোপনীয়তা ও পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে ওই দুই পরীক্ষার্থীকে অন্যদের সঙ্গে সকাল সাড়ে ৯টায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর প্রায় নয় ঘণ্টা নির্ধারিত কক্ষে অবস্থান করার পর সূর্যাস্তের পর তাঁদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে রাত প্রায় ১০টায়।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সূচিতে মোট ছয়টি শনিবার থাকায় সারা দেশে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের প্রায় ১৬০ জন পরীক্ষার্থী একই ধরনের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছেন। দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রে অপেক্ষা করে রাতে পরীক্ষা দেওয়ার বিষয়টি তাঁদের জন্য মানসিক ও শারীরিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আগামীকাল শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই বিশেষ ব্যবস্থার পরীক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রশ্নের গোপনীয়তা, পরীক্ষা পরিচালনা এবং মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করেই এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছরই প্রয়োজন অনুযায়ী এ ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।