বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়, কান্নায় ভারী সুয়াদী গ্রাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়, কান্নায় ভারী সুয়াদী গ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়, কান্নায় ভারী সুয়াদী গ্রাম ছবির ক্যাপশন:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই গ্রামের তিন বাসিন্দাকে অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানিয়েছে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।

রোববার (১২ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে পৃথক জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতরা হলেন জয়নাল মিয়া (৩০), ওবায়দুল শেখ (৪৫) ও আরিফ মিয়া (৪২)।

জানাজায় শত শত মানুষ অংশ নেন। স্বজনদের আহাজারি ও শোকে পুরো এলাকায় ভারী পরিবেশের সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির মধ্যেও স্থানীয় বাসিন্দারা নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জানাজায় অংশ নিয়ে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ভাঙ্গার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ডিমবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির পাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি অবস্থান করছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহত পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন সুয়াদী গ্রামের বাসিন্দা। অপর দুইজন হলেন নগরকান্দা উপজেলার হাফিজুল মাতুব্বর (২৮) এবং ভাঙ্গা হাইওয়ে থানার রেকার গাড়ির সহকারী জালাল খান (৩৬)।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদ হিসেবে চারটি বাসে আগুন দেন এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিকারের অনুমোদন: দেশে ৩ নতুন উপজেলা ও ১ নতুন থানা গঠন

নিকারের অনুমোদন: দেশে ৩ নতুন উপজেলা ও ১ নতুন থানা গঠন