Rajshahi University of Engineering & Technology (রুয়েট)-এর নতুন উপউপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক Dr. Md. Akhtar Hossain।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে উপউপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি প্রয়োগ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষর করেন।
কসমিক ডেস্ক