যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধের সংকটের কারণে দেড় হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক চাপের মুখে রয়েছে এবং চিকিৎসাসামগ্রী সরবরাহে বাধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, গাজার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করছে এবং প্রতিদিনই প্রয়োজনীয় চিকিৎসার অভাবে রোগী মারা যাচ্ছেন।
তার দাবি, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে বাধা থাকায় কিডনি রোগীদের মধ্যে মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে প্রয়োজনীয় চিকিৎসা ও ডায়ালাইসিস সেবার সীমাবদ্ধতার কারণে কিডনি রোগীদের ৫০ শতাংশের বেশি মারা গেছেন বলে তিনি দাবি করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, চিকিৎসাসামগ্রী, ওষুধ এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এর ফলে বহু রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে এই দাবিগুলোর বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কসমিক ডেস্ক