২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের নতুন বাছাই কাঠামো ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে টুর্নামেন্ট শুরু হতে প্রায় ১৮ মাস বাকি থাকতেই এই পরিবর্তন আনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।
নতুন নিয়ম অনুযায়ী, ‘সুপার সিরিজ’ নামে একটি অতিরিক্ত পর্ব চালু করা হবে। এতে আইসিসি র্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দল একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে, যেখানে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতিতে জানিয়েছে, নতুন কাঠামো সহযোগী সদস্য দেশগুলোর জন্য বড় ধরনের ধাক্কা। তাদের মতে, ক্রিকেটকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তোলার প্রচেষ্টার মধ্যেই সহযোগী দেশগুলোর সুযোগ সীমিত করে দেওয়া হয়েছে, যা খেলাটির সম্প্রসারণের জন্য ইতিবাচক বার্তা নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এত গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি। বিশ্বকাপ বাছাইপর্ব চলমান অবস্থায় এবং টুর্নামেন্টের মাত্র ১৮ মাস আগে নিয়ম পরিবর্তন করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ নিয়ে পরিচালিত সহযোগী সদস্য দেশগুলোর জন্য এটি অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি করবে বলেও উল্লেখ করা হয়।
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস জানায়, তারা বিশ্ব ক্রিকেটের উন্নয়নে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী। তবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগী সদস্যদের মতামতকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এবারের আসরে মোট ১৪টি দল অংশ নেবে।
কসমিক ডেস্ক