‘এটাই আমার শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘এটাই আমার শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
‘এটাই আমার শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ছবির ক্যাপশন:

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে নিশ্চিত করলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-ই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসর নিয়ে চলা নানা জল্পনার মধ্যে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে এই ঘোষণা দেন পর্তুগাল অধিনায়ক। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের।

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ও প্রতিযোগিতামূলক মানসিকতা ধরে রেখে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন রোনালদো। যেখানে অনেক ফুটবলার ত্রিশের কোঠা পেরোলেই বুট তুলে রাখেন, সেখানে তিনি এখনো পর্তুগালের অন্যতম ভরসা। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি বড় টুর্নামেন্টে তার অবসর নিয়ে প্রশ্ন ওঠে।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কিছুটা বিরক্তির সুরেই রোনালদো বলেন, ‘আমি যখন চাইব তখন থামব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন—এটাই কি আপনার শেষ? আমরা সামনে দেখব। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।’

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও বিশ্বকাপ প্রসঙ্গে তিনি ছিলেন একেবারে পরিষ্কার। রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল (আজ) আমার শেষ ম্যাচ নয়।’

পর্তুগালের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচে জয় পেলেই কেবল কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে রোনালদোদের। তাই নিজের শেষ বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলতে দলের হয়ে সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।

রোনালদো বলেন, ম্যাচের ফল যাই হোক না কেন, তার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না। নিজের ফুটবলজীবন নিয়ে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট। ‘খেলায় যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো এখান থেকে হাজার ভাগ নির্মল হৃদয়ে বিদায় নেবে। আবেগ, ইচ্ছা—সব দিয়ে ফুটবল খেলেছি। কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, জীবনে আমি খুব ভালো অবস্থানে আছি। ভালোবাসা থেকেই ফুটবল খেলেছি।’

দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ফুটবলে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস এবং বর্তমানে আল নাসর—প্রতিটি ক্লাবেই রেখে গেছেন নিজের অসাধারণ ছাপ। ব্যক্তিগত অর্জনের তালিকায় রয়েছে একাধিক ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগ শিরোপা।

তবে বিশ্বকাপ ট্রফি এখনো তার ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্ন। যদিও তিনি মনে করেন না, বিশ্বকাপ জিততে না পারলে তার অর্জনের মূল্য কমে যাবে। এ বিষয়ে রোনালদোর ভাষ্য, ‘বিশ্বকাপ জিতলে আরও বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হবো না। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন এবং আমি যা কখনো জেতার আশা করিনি, তার চেয়েও বেশি দিয়েছেন। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই মূল লক্ষ্য।’

রোনালদোর এই বক্তব্য ফুটবলপ্রেমীদের কাছে আবেগঘন মুহূর্ত তৈরি করেছে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা এই কিংবদন্তির শেষ বিশ্বকাপ হওয়ায় প্রতিটি ম্যাচই এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। স্পেনের বিপক্ষে ম্যাচে জয় পেলে তার বিশ্বকাপ যাত্রা আরও দীর্ঘ হবে, আর হারলে শেষ হয়ে যাবে বিশ্বকাপ অধ্যায়ের গৌরবময় পথচলা।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও বেঁচে থাকলেও, রোনালদো এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রতিটি মুহূর্ত উপভোগ করা এবং দেশের জার্সিতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়াকে। ফলে স্পেনের বিপক্ষে ম্যাচটি শুধু পর্তুগালের জন্য নয়, রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারেরও অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ, রাতেই উদ্ধার

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ, রাতেই উদ্ধার