শাটল ট্রেনে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত অন্তত ২৪ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাটল ট্রেনে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত অন্তত ২৪

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
শাটল ট্রেনে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত অন্তত ২৪ ছবির ক্যাপশন: পাকিস্তানের কোয়েটায় শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে চামান ফটকের কাছে এই বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফটকের কাছে হঠাৎ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের বাড়িঘর ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

তবে বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এটিকে পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলা বলে দাবি করেছে।

অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিস্ফোরণে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোতে ৩০ জনেরও বেশি আহতকে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শক্তিতে আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এখন পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোংলায় হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর চিকিৎসা চলছে

মোংলায় হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর চিকিৎসা চলছে