২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিসরের লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের উদীয়মান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাবেন তিনি।
চলতি বিশ্বকাপে এরই মধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন ৩৬ বছর বয়সী এই ফরাসি রেফারি। গ্রুপ পর্বে আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ওই দুই ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন লেতেক্সিয়ে।
ইউরোপীয় ফুটবলে অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে মাত্র ২৮ বছর বয়সে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ লিগ ওয়ান-এ রেফারিং শুরু করেন। তখন তিনি ছিলেন লিগের সর্বকনিষ্ঠ রেফারি। ২০১৭ সালে অর্জন করেন ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি।
আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত নিজের অবস্থান তৈরি করেন এই ফরাসি রেফারি। ইউরোপের বড় বড় প্রতিযোগিতার পাশাপাশি তিনি উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের ম্যাচ পরিচালনা করেছেন।
যদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা এর আগে ছিল না লেতেক্সিয়ের, তবে আর্জেন্টিনার বর্তমান দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো তার কাছ থেকে লাল কার্ড দেখেছেন।
চলতি বছরের ২২ মার্চ ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর ম্যাচে তাগলিয়াফিকোকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন লেতেক্সিয়ে। সেই রেফারিই এবার বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যেতে চাইবে, আর মিসর চাইবে বিশ্বকাপে বড় চমক দেখাতে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে রেফারি লেতেক্সিয়ের সিদ্ধান্তও ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হতে পারে।
কসমিক ডেস্ক