ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এবং বিজিত উভয়পক্ষকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে পোস্টে এ বার্তা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয়পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে। যাদের কাঁধে ইতোমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।”
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের জন্য মোট ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক