দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিকড়ের গল্প তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পৌঁছেছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই এবারের পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ করা হয় লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে। দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনুষ্ঠানটিকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।
ধারণ অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের ব্যাপক আগ্রহে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত হন।
এবারের পর্বে স্থানীয় সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। থাকছে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান, জেলার পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। দর্শকদের জন্য আরও থাকছে বিদেশি পর্ব, জনপ্রিয় কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
বরাবরের মতোই অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
কসমিক ডেস্ক