যশোর সরকারি হাসপাতাল থেকে তিন লাখ টাকার ওষুধ গায়েবের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যশোর সরকারি হাসপাতাল থেকে তিন লাখ টাকার ওষুধ গায়েবের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
যশোর সরকারি হাসপাতাল থেকে তিন লাখ টাকার ওষুধ গায়েবের অভিযোগ ছবির ক্যাপশন:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ফার্মেসিতে যাওয়ার পথে প্রায় তিন লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধের হিসাব পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে।

হাসপাতালের মেডিসিন স্টোর ও ফার্মেসি সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলাম মেডিসিন স্টোরের রেজিস্টারে স্বাক্ষর করে পাঁচ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গ্রহণ করেন। তবে ফার্মেসির রেজিস্টারে ওই ওষুধ জমা ও বিতরণের যথাযথ হিসাব পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে প্রায় দুই মাস ধরে হাসপাতালের বহির্বিভাগে কেফুক্লেভ ট্যাবলেটের সরবরাহ নেই। ফলে রোগীরা হাসপাতালের ফার্মেসি থেকে বিনামূল্যে ওষুধটি না পেয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য হচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কেফুক্লেভ একটি উন্নতমানের অ্যান্টিবায়োটিক, যা বুক ও গলার সংক্রমণসহ বিভিন্ন ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয়। হাসপাতালের বহির্বিভাগে দায়িত্ব পালনকারী যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিসিন) ডা. এ এইচ এম মনজুর উদ্দিন জানান, প্রায় দুই মাস ধরে ওষুধটির সরবরাহ না থাকায় রোগীদের ব্যবস্থাপত্রেও এটি লেখা যাচ্ছে না।

বাজারে কেফুক্লেভ গ্রুপের একই মানের অ্যান্টিবায়োটিকের দাম প্রতিপিস প্রায় ৬০ টাকা। সে হিসাবে পাঁচ হাজার ট্যাবলেটের মূল্য প্রায় তিন লাখ টাকা।

ওষুধ গায়েবের ঘটনায় হাসপাতালের ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলামের দিকে সন্দেহের তীর উঠলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

হাসপাতালের আরএমও হাবিবা সিদ্দিকা ফোয়ারা জানান, কিছু ওষুধের স্টক ও রোগীদের সরবরাহের মধ্যে গরমিল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতও কেফুক্লেভের হিসাবে গরমিলের কথা জানিয়েছেন। তিনি বলেন, ফার্মাসিস্ট ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং স্টক রেজিস্টার ও ফার্মাসিস্টের রেজিস্টার পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সরাসরি ক্রয়ে ৩ লাখ টন ডিজেল আনছে সরকার

সরাসরি ক্রয়ে ৩ লাখ টন ডিজেল আনছে সরকার