আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান ফিরছে নতুন সাজে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান ফিরছে নতুন সাজে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান ফিরছে নতুন সাজে ছবির ক্যাপশন:

বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান এবার নতুন সংগীতায়োজনে শ্রোতাদের কাছে ফিরছে। তাঁর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ অ্যালবামটি ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

অ্যালবামটির বিশেষত্ব হলো, আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গানগুলো এবার গাইবেন দেশের আটটি ব্যান্ড ও একাধিক একক শিল্পী। ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’সহ শ্রোতাপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে উপস্থাপন করা হবে।

‘উত্তরাধিকার’ অ্যালবামে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে। কিংবদন্তি এই শিল্পীর সংগ্রহে থাকা প্রায় ৫০টি গিটার নিয়ে মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। বর্তমানে মগবাজারের বাসায় এসব স্মৃতিবিজড়িত গিটার সংরক্ষিত আছে।

২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তবে তাঁর গান, গিটারবাদন ও সৃষ্টিশীলতা এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ২০২০ সালে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় এবং পরবর্তী সময়ে এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে ‘উত্তরাধিকার’ প্রকল্পের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। একই সঙ্গে তাঁর স্মৃতি সংরক্ষণ ও মিউজিয়াম তৈরির দীর্ঘদিনের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ পূরণের নির্দেশ

স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ পূরণের নির্দেশ