সংঘর্ষে নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির মিছিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংঘর্ষে নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
সংঘর্ষে নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির মিছিল ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ মর্গ থেকে নিয়ে শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং নিহত তরু মুন্সীর স্বজনরা।

সমাবেশে বক্তারা তরু মুন্সীর হত্যার বিচার দাবি করেন এবং ঘটনার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়ী করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বেধড়ক মারধর করে।

তার দাবি, হামলাকারীরা বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “এটি একটি ন্যক্কারজনক হত্যাকাণ্ড। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।”

অন্যদিকে, তরু মুন্সীর মৃত্যুর বিষয়ে ভিন্ন দাবি করেছে জামায়াত।

শনিবার দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এই মৃত্যু সংঘর্ষজনিত হামলার কারণে নয়, বরং হৃদরোগে হয়েছে।

সদর থানা জামায়াতের আমীর ড. মো. হাবিবুর রহমান বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।

তার দাবি, ওই অনুষ্ঠানে বিএনপির কিছু নেতাকর্মী গিয়ে নারীদের মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।

এই ঘটনার জেরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে তিনি জানান।

ড. হাবিবুর রহমান বলেন, তরু মুন্সী আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

তার দাবি, সংঘর্ষের সময় আতঙ্কে তিনি স্ট্রোক করেন এবং তাতেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

দুপুরের দিকে ওই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ওই তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে অন্তত আটজন আহত হন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরে সেখানেই শুক্রবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

নিহত তরু মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে নিখোঁজের তিন দিন পর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজের তিন দিন পর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার