ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানায়, ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টার মধ্যে ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬,০৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।
দেশব্যাপী ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণের মধ্যে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক ৮৭.১৩% ভোট পড়েছিল। অন্যদিকে, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৪৯.৬৭%, যা সর্বনিম্ন।
নির্বাচন কমিশন নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ইসি দেশের সব মসজিদ ও উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী ও সাধারণ ভোটারদের সহযোগিতার জন্যও কমিশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কসমিক ডেস্ক