বৃষ্টিতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৃষ্টিতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বৃষ্টিতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার ছবির ক্যাপশন:

টানা কয়েক দিনের বৃষ্টিতে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা ও পৌর এলাকার পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়ির উঠান, রান্নাঘর ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

শনিবার সরেজমিনে দেখা যায়, বেতাগী পৌরসভা ও উপজেলার বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। অনেক পরিবারকে ঘর থেকে বের হতে পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মো. দেলোয়ার হোসেন অভিযোগ করেন, রাস্তা সংস্কারের সময় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে ভারী বৃষ্টির পর পানি দ্রুত নিষ্কাশিত না হয়ে দিনের পর দিন জমে থাকছে। এতে বসতবাড়ির পাশাপাশি রাস্তাঘাটও পানিতে তলিয়ে যাচ্ছে।

পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া দেশান্তরকাঠী, খোঁন্তাকাঠা, লক্ষ্মীপুরা, বাসন্ডা, গোয়ালবাড়ি, জলিসা, আনোর জলিসা, ঝিঙ্গাবাড়িয়া, ছোট মোকামিয়া, বদনীখালী, কুমড়াখালী, কাজিরাবাদ ও ভোরা কালিকাবাড়ি গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে।

স্থানীয় রিকশাচালক আলাম জানান, বাড়ির আশপাশে বৃষ্টির পানি জমে থাকায় অনেক সময় রান্নাও বন্ধ রাখতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং ব্যবসায়ীদের দোকানে যাওয়া-আসাও ব্যাহত হচ্ছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, প্রবল বৃষ্টিতে পানিবন্দি এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের এই পাহাড়ে কী আছে, যা ধ্বংস করতে চান ট্রাম্প

ইরানের এই পাহাড়ে কী আছে, যা ধ্বংস করতে চান ট্রাম্প