প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ের নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। দীর্ঘ সময় পর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আয়োজনকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন সরকারের প্রথম বৈঠক সচিবালয়ে হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন ধারা সূচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
দপ্তর বণ্টনের পরদিনই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ায় দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করার বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা, প্রশাসনিক সমন্বয় এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন সরকারের এ প্রথম বৈঠককে সামনে রেখে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়। সচিবালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, যা আগামী দিনের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
কসমিক ডেস্ক