পশ্চিম সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পশ্চিম সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
পশ্চিম সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১১ ছবির ক্যাপশন:

পশ্চিম সুদানের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে বিমান হামলার মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ২০০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

চাদ সীমান্তের কাছাকাছি অবস্থিত আদিকং বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলার ফলে বাজার এলাকার একটি জ্বালানির মজুদভাণ্ডারে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তের ওপারে আদ্রে এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ২০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এমএসএফ এই হামলাকে এক মাসেরও কম সময়ের মধ্যে একই এলাকায় দ্বিতীয় বড় ধরনের ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, এই ধরনের হামলা স্থানীয় মানুষের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ড্রোন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সম্প্রতি বলেছেন, সুদানে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার তীব্রতা তাকে বিস্মিত করেছে। তিনি সতর্ক করে জানান, ৪ মার্চ থেকে কর্ডোফান অঞ্চল এবং হোয়াইট নাইল রাজ্যজুড়ে ড্রোন হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তার মতে, সংঘাতে জড়িত পক্ষগুলোকে বারবার সতর্ক করা হলেও তারা এখনও জনবহুল এলাকায় শক্তিশালী ড্রোন ব্যবহার করছে। তিনি বলেন, জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহার গভীর উদ্বেগের বিষয়।

পশ্চিম কর্দোফান অঞ্চলেও সাম্প্রতিক সময়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সেখানে সুদানের সশস্ত্র বাহিনীর হামলায় অন্তত ১৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

৪ মার্চ আল-মুগলাদ এলাকায় একটি বাজার ও হাসপাতালে একসঙ্গে হামলা চালানো হলে প্রায় ৫০ জন নিহত হন। এর তিন দিন পর আবু জাবাদ এবং ওয়াদ বান্দা এলাকায় অবস্থিত বাজারগুলোতে হামলায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারান।

১০ মার্চ আল-সুনু এলাকায় বেসামরিক নাগরিক বহনকারী একটি ট্রাক লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে কমপক্ষে ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

আদিকং বাজারে হামলার একদিন আগে হোয়াইট নাইল রাজ্যের শুকেইরি গ্রামেও ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হলে নারী শিক্ষার্থী, শিক্ষক এবং একজন স্বাস্থ্যকর্মীসহ অন্তত ১৭ জন নিহত হন।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য ও মানবিক বিষয়ক অধ্যাপক মুকেশ কপিলা বলেছেন, সাম্প্রতিক সময়ে সুদানে ড্রোন হামলার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

তার মতে, গত কয়েক বছরেই ড্রোন সুদানের যুদ্ধে প্রবেশ করেছে এবং এখন এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, ড্রোন দিয়ে হামলা চালানো তুলনামূলকভাবে সহজ এবং কম খরচে পরিচালনা করা সম্ভব।

তিনি আরও বলেন, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে হাসপাতাল, জলাধার, বাজার এবং বাস্তুচ্যুত মানুষের শিবিরও রয়েছে। এসব হামলার উদ্দেশ্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং দূরবর্তী এলাকাতেও শক্তি প্রদর্শন করা।

প্রতিবেদন অনুযায়ী, সুদানের সশস্ত্র বাহিনী ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে, যার মধ্যে মোহাজের-৬ যুদ্ধ ড্রোনও রয়েছে। এছাড়া তুরস্ক ও রাশিয়ার সামরিক সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আরএসএফের নিজস্ব কোনো বিমানবাহিনী না থাকলেও তারা বিভিন্ন সরবরাহ রুটের মাধ্যমে ড্রোন সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হলেও আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে এক হাজারের বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসেই উভয় পক্ষের অন্তত ১৯৮টি হামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫২টি হামলায় বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং মোট নিহতের সংখ্যা ৪৭৮ জন।

জাতিসংঘ জানিয়েছে, প্রায় তিন বছর ধরে চলা এই সংঘাত সুদানে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করেছে। বর্তমানে প্রায় ৩ কোটি ৩৭ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এবং এক কোটি ২০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ দলের প্রার্থীকে নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়লেন বঙ্গবীর কাদের সি

নিজ দলের প্রার্থীকে নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়লেন বঙ্গবীর কাদের সি