বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে রাবেয়া আক্তার জুঁই (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লতাকাটা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর এলাকার মো. জনি চৌধুরীর মেয়ে। সে নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বরগুনায় বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমেছিল সে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, রবিবার সকালে জুঁই তার মা তাসলিমা আক্তারের সঙ্গে ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় নানা শানু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আট বছর বয়সী সিয়ামের সঙ্গে লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই।
পরিবারের সদস্যরা জানান, জুঁই ভালোভাবে সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে নদীর ঢেউ ও জোয়ারের স্রোতে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি সিয়াম পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বরগুনায় ডুবুরি দল না থাকায় পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও জুঁইয়ের সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখন পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, তালতলী ও পাথরঘাটা নৌ পুলিশ এবং কোস্ট গার্ড সদস্যরাও সহযোগিতা করছেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক