চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে চলচ্চিত্র অভিনেতা ডনকে।
ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করা হয়। এ কারণে তার জামিনের আবেদন করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি সিআইডিকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময় ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডন, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবীসহ আরও কয়েকজন।
কসমিক ডেস্ক