মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না; এটি ছিল জনগণের যুদ্ধ এবং গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শুক্রবার (৭ আগস্ট) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। ১৯৭০ সালের নির্বাচনে এ দেশের মানুষ ছয় দফার ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিলেও তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী সেই গণরায়কে সম্মান করেনি। পরবর্তীতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা ও নির্যাতন শুরু করলে বাঙালি সৈনিক ও সাধারণ মানুষ প্রতিরোধে অংশ নেন।

তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের বাঙালি সৈনিক ও কর্মকর্তাদের বিদ্রোহ এবং প্রতিরোধ যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সীমিতসংখ্যক সৈনিকের নেতৃত্বে হাজার হাজার ছাত্র ও যুবক যুদ্ধে যোগ দেন। প্রায় পাঁচ হাজার সৈনিকের আহ্বানে প্রায় ৮০ হাজার তরুণ মুক্তিযুদ্ধে অংশ নেন এবং একপর্যায়ে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখে পৌঁছায় বলে তিনি উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের অনেক ঘটনা, ত্যাগ ও বীরত্বগাথা যথাযথভাবে ইতিহাসে স্থান পায়নি। নতুন প্রজন্মকে দেশ স্বাধীন হওয়ার প্রকৃত ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সম্পর্কে জানাতে হবে। এ ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করে জনগণের সামনে তুলে ধরার ওপরও তিনি গুরুত্ব দেন।

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের অস্তিত্ব, মানুষের জীবন ও মা-বোনের সম্মান রক্ষায় তারা অস্ত্র হাতে নিয়েছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গও বক্তব্যে উল্লেখ করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দেশে আর কোনো স্বৈরশাসনের সৃষ্টি না হওয়ার আহ্বান জানিয়ে সরকার ভুল করলে গণতান্ত্রিক পদ্ধতিতে তা সংশোধনের কথা বলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪ মাসের অনিশ্চয়তা শেষে দেশে ফিরলেন বিএসসির ১৭ নাবিক

৪ মাসের অনিশ্চয়তা শেষে দেশে ফিরলেন বিএসসির ১৭ নাবিক