ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী বোরিসপিল জেলায় রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের পাশের বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে রুশ হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হতাহতের ঘটনাও ঘটেছে।
হামলার সময় কিয়েভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এয়ার রেড সাইরেন বাজানোর পরপরই কিয়েভ শহরের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে রাজধানীজুড়ে আতঙ্ক তৈরি হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর শহরের দুটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরাও কিয়েভের কেন্দ্রস্থলে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
হামলার কারণে কিয়েভের আশপাশের এলাকায় বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় আহত তিনজনের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের মতে, দেশটিতে এয়ার ডিফেন্স ব্যবস্থার ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় ইউক্রেনকে নিয়মিত ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
কিয়েভ ও আশপাশের এলাকায় সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে। তবে সর্বশেষ হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন বা হামলার সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কসমিক ডেস্ক