মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিযোগ করেছে ইরান। দেশটির দাবি, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলায় সমর্থন ও সহায়তা দেওয়া হচ্ছে, যা পরস্পরবিরোধী অবস্থান।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান।
বাঘায়ির ভাষ্য অনুযায়ী, বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত প্রাণঘাতী হামলায় যদি ইউরোপীয় ইউনিয়ন লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকারের প্রতি অঙ্গীকারের দাবি বিশ্বাসযোগ্য থাকে না।
তিনি আরও অভিযোগ করেন, ইইউ কথিত যুদ্ধাপরাধের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানি শিশুদের প্রতিও ইউরোপীয় ইউনিয়ন কোনো সহানুভূতি দেখায়নি বলেও দাবি করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থান ‘অশুভের স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম রূপ’-এর উদাহরণ। তার মতে, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে একই ধরনের ঘটনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হলে তা বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।
তবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মানবাধিকার প্রশ্নে দুই পক্ষের মধ্যে নতুন করে এই বাকযুদ্ধ শুরু হয়েছে।
কসমিক ডেস্ক