বিশ্বকাপে ‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেই স্বপ্ন শেষ ষোলোতেই থেমে যায় নরওয়ের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে। এই হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভিনিসিয়ুস জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের পর কী লিখবেন তা বুঝে উঠতে কয়েক দিন সময় লেগেছে। তিনি বলেন, সমর্থকদের ভালোবাসা, প্রত্যাশা এবং সমর্থনকে সম্মান জানাতেই তিনি নীরবতা ভেঙেছেন।
ভিনিসিয়ুস লেখেন, ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো তার জীবনের সবচেয়ে বড় গর্ব। তবে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন এবং নিজের পরিবার ও কোটি সমর্থকের জন্য শিরোপা জিততে চেয়েছিলেন। কিন্তু দল হিসেবে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি।
এবারের বিশ্বকাপে ব্রাজিল শুরু থেকেই চোট সমস্যায় ভুগেছে। স্কোয়াডের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ছিটকে যাওয়ায় আক্রমণভাগের বড় দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের কাঁধে। টুর্নামেন্টে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল ও একটি অ্যাসিস্ট করে ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত দলকে পরের ধাপে তুলতে পারেননি।
শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডের জোড়া গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ফলে ২০০২ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো সেলেসাওদের।
সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস তার বার্তায় বলেন, দলটির আরও অনেক দূর যাওয়ার সামর্থ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেটি প্রমাণ করতে পারেনি। এজন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন
কসমিক ডেস্ক