জেবেল আলিতে একের পর এক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জেবেল আলিতে একের পর এক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জেবেল আলিতে একের পর এক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ছবির ক্যাপশন:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম শহর দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে বুধবার স্থানীয় সময় সকালে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, স্বল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক বিস্ফোরণে শিল্পাঞ্চলের বিভিন্ন অংশ থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ায় জেবেল আলি এলাকার আকাশ ঢেকে যেতে দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলের ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একইভাবে হুথি গোষ্ঠীও এ ঘটনার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জেবেল আলি অঞ্চলটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে বিশ্বের বৃহৎ সমুদ্রবন্দর, শিল্পকারখানা এবং জ্বালানি অবকাঠামো অবস্থিত। ফলে এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ঘটনার প্রকৃত কারণ, বিস্ফোরণের উৎস এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও তথ্য জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনে সহিংসতা হলে প্রস্তুতি বোঝা যাবে সেদিনই: স্বরাষ্ট্র

নির্বাচনে সহিংসতা হলে প্রস্তুতি বোঝা যাবে সেদিনই: স্বরাষ্ট্র