বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গোল উদযাপন নিয়েও আলোচনায় এসেছে বেলজিয়াম। ম্যাচের যোগ করা সময়ে গোল করার পর বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু সতীর্থদের সঙ্গে এমন এক নাচ উদযাপন করেন, যা অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত নাচের ভঙ্গির অনুকরণ হিসেবে দেখছেন।
সিয়াটেলে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন চার্লস ডে কেটেলার। এছাড়া একটি করে গোল করেন হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু। শক্তির বিচারে এগিয়ে থাকা বেলজিয়াম পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে ৪-১ গোলের জয় তুলে নেয় এবং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ঘিরে। বসনিয়া ও হারজেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এই ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে ফিফা তার নিষেধাজ্ঞা স্থগিত করে খেলার অনুমতি দেয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ সিদ্ধান্তের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশ ছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই বিতর্কের আবহেই ম্যাচ শেষে বেলজিয়াম ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখে, "এটা প্রত্যাহার করে দেখাও।" এই মন্তব্যও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি তিলেমানস জানান, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পাওয়ার পর দলীয় বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন মাঠের খেলায় তার জবাব দেবেন। সেই মানসিকতা নিয়েই তারা ম্যাচ খেলেছেন বলে মন্তব্য করেন তিনি।
বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ম্যাচ-পরবর্তী উদযাপন—দুই মিলিয়ে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচটি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক