পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে আফগান শিক্ষার্থীদের পড়াশোনা স্থগিতের নির্দেশ দিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি করা যাবে না। একই সঙ্গে দেশটির বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদেরও পড়াশোনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পিএমডিসির জারি করা সরকারি চিঠির বরাতে আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, পাকিস্তানের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে এটি সীমাবদ্ধ নয়।
নির্দেশনায় বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের আফগানিস্তানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এক মেডিকেল বা ডেন্টাল প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে তাদের স্থানান্তর বা মাইগ্রেশনও নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব আফগান শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছেন, তাদের স্নাতক সম্পন্নের বিষয়টি এবং পাকিস্তান ছাড়ার তথ্য নথিভুক্ত ও নিশ্চিত করতে বলা হয়েছে।
পিএমডিসি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত নির্দেশনা এবং ২০২৬ সালের ৩০ জুলাই কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে বিষয়টিকে জাতীয় নীতির সঙ্গে সম্পর্কিত ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য তিন দিনের মধ্যে পিএমডিসির কাছে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য না দিলে, নির্দেশনা অমান্য করলে কিংবা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে মেডিকেল ও ডেন্টাল ডিগ্রি অর্জনে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীরা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।
কসমিক ডেস্ক