ইউরোপজুড়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার হওয়ায় নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে ইতালির মহাকাশ খাত। বড় প্রতিরক্ষা ও সরকারি প্রকল্পে এখন এমন প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা বড় পরিসরে উৎপাদন, জটিল প্রযুক্তি এবং একাধিক প্রকল্প একই সঙ্গে পরিচালনা করতে সক্ষম। ফলে বিশেষায়িত প্রযুক্তিতে দক্ষ হলেও তুলনামূলক ছোট ইতালীয় প্রতিষ্ঠানগুলোর সামনে বড় হওয়ার চাপ তৈরি হয়েছে।
ইতালির মহাকাশ শিল্প দীর্ঘদিন ধরে বিশেষায়িত প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনের জন্য পরিচিত। তবে এই খাতে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। বড় আন্তর্জাতিক প্রকল্পে প্রতিযোগিতা করতে প্রয়োজনীয় অর্থ, উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত পরিসর তৈরি করা তাই অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে উঠছে।
ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এই চাপ আরও বাড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর প্রভাব পড়ছে মহাকাশ শিল্পেও।
ইতালির মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর মতে, বড় প্রকল্পে শুধু উন্নত প্রযুক্তি থাকলেই হবে না; নির্ভরযোগ্য উৎপাদন ব্যবস্থা, স্থিতিশীল সরবরাহব্যবস্থা এবং জটিল প্রকল্প পরিচালনার সক্ষমতাও প্রয়োজন। স্যাটেলাইট নেভিগেশন ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা কাসকমও মনে করছে, ছোট আকারে থেকে বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকা ক্রমেই কঠিন হচ্ছে।
প্রতিষ্ঠানগুলোর আকার বাড়ানোর ক্ষেত্রে অর্থের সংকটও বড় বাধা। অনেক ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রযুক্তি থাকলেও বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সীমিত। এই সমস্যা মোকাবিলায় গত জুলাইয়ে ইতালির ইনতেসা সানপাওলো, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও ইউরোপীয় মহাকাশ সংস্থা একটি অর্থায়ন কর্মসূচি চালু করেছে। এর আওতায় মহাকাশ ও উড়োজাহাজ খাতের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৩০ কোটি ইউরো অর্থায়নের সুযোগ পেতে পারে।
ইতালির সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত দেশটির মহাকাশ ও উড়োজাহাজ খাতে ৭৮০ কোটি ইউরো বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।
বড় প্রকল্পে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান একীভূত হওয়া ও অধিগ্রহণের পথও বেছে নিয়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের মহাকাশ খাত প্রতিরক্ষা ও নিরাপত্তার সঙ্গে যত ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে, ইতালির প্রতিষ্ঠানগুলোর সামনে ততই নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে একই সঙ্গে বড় পরিসরে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানোর চ্যালেঞ্জও বাড়ছে।
কসমিক ডেস্ক