ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট ছবির ক্যাপশন:

ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিনের গ্যাস সংকটের প্রতিবাদে নিয়মিত গ্যাস সরবরাহ এবং গ্যাস বিল মওকুফের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কালামপুর এলাকায় শুরু হওয়া এই কর্মসূচি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, ধামরাইয়ের কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া, বাসনা, মহিষাশী, জালসা, কাওয়ালীপাড়া, নান্দেশ্বরী ও সাটুরিয়া এলাকার আবাসিক গ্রাহকরা প্রায় ৯ বছর ধরে নিয়মিত গ্যাস পাচ্ছেন না। তাদের দাবি, বছরে কেবল ঈদের সময় কয়েকদিন গ্যাস পাওয়া গেলেও বছরের অধিকাংশ সময় রান্নার জন্য লাকড়ি ও এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ প্রতি মাসেই প্রতি চুলার জন্য নির্ধারিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে।

স্থানীয় গ্রাহকরা আরও অভিযোগ করেন, কালামপুর ডিআরএস থেকে একটি শিল্পপ্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, গোলড়া হাইওয়ে থানা ও ধামরাই থানা পুলিশের কর্মকর্তারা। ইউএনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি এলএনজি আমদানি কমে যাওয়ায় মূল পাইপলাইনে গ্যাসের সংকট রয়েছে বলেও তারা উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদ আয়োজনে সিমরানের ‘অন স্পট’-এ তারার মেলা

ঈদ আয়োজনে সিমরানের ‘অন স্পট’-এ তারার মেলা