জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। সংসদে সমাধান হলে ভালো, না হলে জনগণের দাবিতে রাজপথে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধন ও সংস্কার ইস্যুতে সরকার যেসব প্রস্তাব দিয়েছে, সেখানে বিরোধী দল কেবল রুটিন প্রক্রিয়ায় অংশ নেবে। তবে প্রকৃত সংস্কারের বিষয় এলে তারা সেটি বিবেচনা করবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল হিসেবে তারা আগের “সংঘাতমুখী রাজনীতি”র সংস্কৃতি থেকে বের হয়ে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। তবে জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে তারা সংসদে ওয়াকআউটসহ বিভিন্ন অবস্থান নিতে পারেন।
তিনি সংসদে বিভিন্ন ইস্যুতে আলোচনা প্রসঙ্গে ব্যাংক খাতের দুর্বলতা, প্রবাসী সমস্যা ও সীমান্ত ইস্যুর কথা উল্লেখ করেন এবং এসব বিষয়ে কার্যকর বাস্তবায়নের দাবি জানান।
সভায় বিরোধীদলীয় উপনেতা, চিফ হুইপ ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক