ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান ড. শফিকুর রহমান।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে তিনি ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।
ড. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর তার একটি বক্তব্য নজরে এসেছে। তিনি “ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া” বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন রাষ্ট্র। এই প্রেক্ষাপটে দুই দেশের “এক হয়ে যাওয়া” ধরনের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তার মতে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এমন বক্তব্যের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে এবং দুই দেশের সম্পর্ক স্বচ্ছ ও সুস্পষ্ট থাকে।
ড. শফিকুর রহমান আরও বলেন, যদি এই বক্তব্য আক্ষরিক অর্থে একীভূত হওয়ার ইঙ্গিত দিয়ে বলা হয়ে থাকে, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য ও ব্যাখ্যা যেন দ্রুত জানা যায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কূটনৈতিক সংবেদনশীলতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যেকোনো বক্তব্য দ্রুত ব্যাখ্যা ও স্পষ্ট করা গুরুত্বপূর্ণ, যাতে কূটনৈতিক অস্বস্তি তৈরি না হয়।
কসমিক ডেস্ক