পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশের সক্রিয় নেতৃত্ব, গঠনমূলক ভূমিকা এবং ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈঠকে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সভাপতিত্বকালীন গৃহীত অগ্রাধিকার ও সিদ্ধান্তসমূহ সময়মতো বাস্তবায়নে সহায়তা করতে বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। উভয় পক্ষই সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত একটি বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের জনগণের অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক