ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মাঠে জমে থাকা বৃষ্টির পানির বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরতে সোমবার (১৩ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠে দেশীয় মাছ অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় খেলার মাঠে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকে এবং দীর্ঘ সময়েও সেই পানি নিষ্কাশন হয় না। এর ফলে নিয়মিত খেলাধুলা, অনুশীলন এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ডাকসুর ভাষ্য অনুযায়ী, মাঠের জলাবদ্ধতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে দেশীয় মাছ অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিতে ডাকসুর নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাজেট সংকটের কথা বলা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেই বরাদ্দের পরও মাঠ সংস্কারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছে ডাকসু।
সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলার মাঠ দ্রুত সংস্কার করে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সামান্য বৃষ্টিতেই মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে না পড়ে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমের জন্য একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ডাকসুর মতে, প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে।
কসমিক ডেস্ক