বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, তার সঠিক মূল্যায়ন করা প্রয়োজন।
শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে নগর পরিচালনা করা হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করা জরুরি।
মির্জা ফখরুল আরও বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না, যারা নীতিনির্ধারণ করেন এবং নগর উন্নয়ন বাস্তবায়ন করেন, তাদেরও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, রাজধানীর পরিবেশ ক্রমেই খারাপ হচ্ছে এবং নাগরিকরা দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন। এমনকি সরকারি হাসপাতালগুলোতেও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, নগর ব্যবস্থাপনায় দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণ না ঘটালে দেশের উন্নয়ন ও নাগরিক জীবনের স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।
বক্তৃতায় তিনি আরও বলেন, বাসযোগ্য শহর গড়তে হলে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক সেবার মান উন্নয়ন জরুরি। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তব ফলাফল যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কসমিক ডেস্ক