ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের সমর্থনে শুক্রবার বোরহানউদ্দিনে বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী নারীদের উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে মিছিল শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি ফজলুল করিম। তিনি বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্থা বা নির্যাতন গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির কেন্দ্রীয় নেতা মোকফার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, যারা নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশের নেতৃত্ব কিভাবে দেবে? জনগণকে হুমকি ও ধমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না; যেখানে ভয় দেখানো হবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।
জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাকসুদুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মো. আবুল কালামও বক্তব্য দেন। তারা নারী সমাজকে সংগঠিত হয়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মহিলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেন উপজেলা সভানেত্রী লাইজু বেগম। তিনি নারীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সমাজ গঠনে নারীদের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। সমাবেশে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার মহিলা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক