ফয়সালকে ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা ন্যায়বিচার নয়: হাদির বোন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফয়সালকে ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা ন্যায়বিচার নয়: হাদির বোন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ফয়সালকে ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা ন্যায়বিচার নয়: হাদির বোন ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের বোন মাসুমা হাদি। সোমবার (৯ মার্চ) তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায় বসে গণমাধ্যমকে বলেন, “ফয়সাল একজন শুটার। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আমরা কিছুটা আশাবাদী যে তার বিচার হবে। তবে হত্যার পেছনে আরও কারা জড়িত, ফয়সালকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জোগিয়েছে এবং কারা তাকে জেল থেকে জামিনে বের করতে সহায়তা করেছে—এসব বিষয়ও তদন্তের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়। “শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়। ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা কখনোই ন্যায়বিচার হবে না,” মন্তব্য করেছেন তিনি।

এর আগে, রোববার হাদি হত্যাকাণ্ডের আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে। এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার রাতের দিকে উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে ফয়সালকে গ্রেপ্তার করা হলেও হাদির পরিবার পুরোপুরি সন্তুষ্ট নয়। মাসুমা হাদি বলেছেন, শুধু ফয়সালকে ফাঁসি দিয়ে ‘পর্দার আড়ালের মূল খুনিদের’ আড়াল করা যাবে না। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে এবং ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

হাদি দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় হাদিকে মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী গুলি করে গুরুতর আহত করেন। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটিতে হত্যা সংক্রান্ত ৩০২ ধারা যুক্ত হয় এবং তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের হাতে দেওয়া হয়।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফয়সাল ও সহযোগীরা হাদিকে হত্যার পরিকল্পনা করেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাদির প্রচারণা ব্যাহত করতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

তবে এই অভিযোগপত্র ইনকিলাব মঞ্চকে সন্তুষ্ট করতে পারেনি। বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিলের কারণে আদালত সিআইডিকে মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব দিয়েছে।

মাসুমা হাদির দাবি, হত্যাকারীদের সব স্তর উদঘাটন না হলে ন্যায়বিচার সম্পূর্ণ হবে না। তিনি মূল খুনিদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভিযানের পরও বন্ধ নয় ভাঙ্গুড়ার ভেজাল দুধ কারবার

অভিযানের পরও বন্ধ নয় ভাঙ্গুড়ার ভেজাল দুধ কারবার