টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চলমান আইনি বিরোধে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক তনয় শাস্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ এবার আদালতের নতুন পর্যায়ে পৌঁছেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২ জুন আদালতে এ-সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওইদিন আদালতে মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে আদালতে উপস্থিত হন তার আইনজীবী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী তনয় শাস্ত্রী।
তনয়ের দাবি, মামলার শুরু থেকে এখন পর্যন্ত মিমি আদালতে সরাসরি হাজির হননি। তার অভিযোগ, আইনজীবীর মাধ্যমে বারবার সময় নেওয়ার কারণে মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। এ অবস্থায় তার আইনজীবী এবং বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে চার্জশিট গঠনের আবেদন করেন।
অভিযোগকারী আরও দাবি করেছেন, এই ঘটনার জেরে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল এবং কিছু সময় কারাবাসও করতে হয়েছে। এজন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঘটনার সূত্রপাত বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের অভিযোগ অনুযায়ী, মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠানস্থলে পৌঁছান। তনয় শাস্ত্রীর ভাষ্যমতে, অনুষ্ঠানের অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামার অনুরোধ জানান।
তবে তনয়ের দাবি, তিনি কোনো ধরনের অসম্মানজনক আচরণ করেননি। অন্যদিকে অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তনয়কে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যায়।
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তনয় শাস্ত্রী বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মানহানির এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও উত্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য অগ্রিম দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত চেয়েছেন তিনি।
এদিকে আদালতকেন্দ্রিক এই বিতর্কের মধ্যেও নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন মিমি চক্রবর্তী। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত নতুন সিরিজ ‘কুইনস’। নির্মাতা নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে চার বিধবার প্রতিশোধের কাহিনি তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে সিরিজটির টিজার ও ট্রেলার দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
তবে আদালতের এই মামলার পরবর্তী শুনানি এবং আইনি প্রক্রিয়ার অগ্রগতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
কসমিক ডেস্ক