পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (২৫ মে) বিক্রি হচ্ছে আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। এটিই ঈদ পরবর্তী বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন।
সোমবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন দিনের টিকিট আগেই বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি করা হয়।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা এই টিকিট ফেরত দেওয়া যাবে না। একই সঙ্গে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকায় যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রবেশ করছেন। এতে টিকিট বিক্রির শুরুতেই ভার্চুয়াল লাইনে দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেক যাত্রী জানিয়েছেন।
ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ নজরদারি ও ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে।
কসমিক ডেস্ক