জাতিসংঘ সাধারণ পরিষদ আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দুই বছরের মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের নতুন পাঁচটি অস্থায়ী সদস্য দেশ নির্বাচন করেছে। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত গোপন ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
নতুন নির্বাচিত দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে। এই দেশগুলো বিদায়ী সদস্য পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে হারিয়ে অস্ট্রিয়া ও পর্তুগাল নির্বাচিত হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে পরাজিত করে কিরগিজস্তান স্থান পেয়েছে। অন্য দেশগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ থাকে, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর পাঁচটি অস্থায়ী সদস্য দুই বছরের জন্য নির্বাচিত হয়।
এদিকে এই নির্বাচনের আগের দিনই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নতুন সদস্য দেশগুলোর অন্তর্ভুক্তি বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।
কসমিক ডেস্ক