রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল ও পেট্রলভর্তি একাধিক বোতলসহ মো. সামি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও ৪০ থেকে ৪৫ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ব্লক-সি, লাইন-১ এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে মো. সামিকে আটক করা হয়। অন্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের কাঁধে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে ২০টি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন আকারের প্লাস্টিকের বোতলে রাখা পেট্রলও জব্দ করা হয়। উদ্ধার হওয়া বোতলগুলোর মধ্যে একটি ৫০০ মিলিলিটার এবং কয়েকটি ২৫০ ও ২০০ মিলিলিটার ধারণক্ষমতার ছিল।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া মো. সামিসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক