পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ এবং আলী হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি বিশেষ দল অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) এবং মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকার বিনিময়ে একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতি চলছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং তিন অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস, এর সম্ভাব্য ব্যবহার এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জেলায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে
কসমিক ডেস্ক