এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আরও জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি ও অফিসিয়াল সূত্র অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
কসমিক ডেস্ক