যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
লিমনের শেষ বিদায়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। জানাজায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং হাজারো মানুষ অংশ নেন।
এর আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায় এবং পরে সরকারি ব্যবস্থাপনায় জামালপুরে নিয়ে যাওয়া হয়। মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত ছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে ফ্লোরিডার ট্যাম্পা এলাকার একটি সেতু সংলগ্ন এলাকা থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার সাবেক রুমমেটকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা চলছে।
কসমিক ডেস্ক