কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত ছবির ক্যাপশন: কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কালিন্দী নদী সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের দাবি অনুযায়ী, তারা উভয়েই ভারতের তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতেন এবং দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন ও শাহীনকে একটি মাইক্রোবাসে করে নলতা চৌমুহুনী এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মহিউদ্দিনের ডান হাতে এবং শাহীনের পিঠে গুলির আঘাত রয়েছে। তাদের অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহত শাহীন জানিয়েছেন, তারা দালালের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরছিলেন। মঙ্গলবার রাতে সীমান্তের পাটবাগান এলাকায় নামিয়ে দেওয়ার পরপরই গুলির ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত তিনি স্পষ্টভাবে জানাতে পারেননি।

ঘটনাস্থল নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। আহতরা নিশ্চিতভাবে বলতে পারেননি কোন নির্দিষ্ট সীমান্ত পয়েন্টে গুলি চালানো হয়েছে। তবে তারা ধারণা করছেন, ঘটনাটি কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকার কালিন্দী নদী সংলগ্ন অংশে ঘটেছে।

এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা নীলডুমুর-১৭ বিজিবি ও ৩৩ বিজিবির কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করলেও সুনির্দিষ্টভাবে কোন সীমান্ত এলাকায় গুলি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে আহতরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন। তবে প্রকৃত ঘটনাস্থল ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির

ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির