ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই দুঃখ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা হাসপাতালটি পরিদর্শন করে। এছাড়া ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। ধারাবাহিক পরিদর্শন এবং বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতির কারণে হাসপাতালের কর্মীরা কয়েক দিন ধরে মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন বলে দাবি করা হয়।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চলে যাওয়ার পর সাংবাদিকরা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের রোগীদের স্বার্থে প্রবেশে বাধা দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ সময় এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে ‘ঝাড়ুদার’ শব্দ ব্যবহার করলে কর্মীরা অপমানিত বোধ করেন এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরে হাসপাতালের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বলে জানানো হয়।
অন্যদিকে, ওই সময় হাসপাতালের নিরাপত্তা কর্মী ও সাংবাদিকদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের কর্মীদের অনিচ্ছাকৃত আচরণের কারণে গণমাধ্যমকর্মীদের মনে কষ্ট সৃষ্টি হয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্তে ইতোমধ্যে সরকারি পর্যায়ে কার্যক্রম চলছে।
কসমিক ডেস্ক