পটুয়াখালীর দুমকী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানিয়েছেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
জেলার কারাগারের কর্মকর্তা মো. আব্দুর রব মিয়া জানান, শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম খানকে গত বছরের ১১ আগস্ট পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। মৃত্যুর ঘটনায় জেলা কারাগার ও হাসপাতালের কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।
কসমিক ডেস্ক