বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। তবে এবার তারা তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছেন।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার উন্নয়ন দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই তারেক রহমান বর্তমানে এগিয়ে যাচ্ছেন এবং সেই পথ ধরেই বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে।
বিএনপি মহাসচিব দাবি করেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা অনুসরণ করে পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন, ভবিষ্যতেও তারা জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চান এবং তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন।
কসমিক ডেস্ক