রাজধানীর Jagannath University-এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক ম্যাগাজিন চিন্তক-এর নতুন ২০ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ এবং নির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী সম্পাদক হিসেবে আলাউদ্দীন আজাদ, জোয়ান অফ আর্ক এবং সালমান সাদ। ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাবিয়া তনিমা।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খিজির আল সিফাত, তাজওয়ারুল ইসলাম, আফিকা লেবিন মৌমি, সায়্যিদা মুবাশ্বিরা, নাজিব মাহমুদ, অপূর্ব পাল, রেমি চাকমা, রিদি জাফরাত, কামরুল হাসান তুষার, সিদ্ধার্থ কুমার রায়, মাহিন হাসান, শাহরিয়ার আদিব, নির্জনা প্রমি এবং মং হাই নু মারমা।
নবনির্বাচিত সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে বুদ্ধিবৃত্তিক সংকট রয়েছে, সেই বাস্তবতা থেকেই চিন্তকের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের গণচাঁদার ভিত্তিতে ম্যাগাজিন প্রকাশ, পাঠচক্র, সাংস্কৃতিক আয়োজন এবং সিনেমা প্রদর্শনীর মতো নানা কার্যক্রমের মাধ্যমে চিন্তক ক্যাম্পাসে একটি আলাদা পরিচিতি তৈরি করেছে।
তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে প্ল্যাটফর্মটির যে সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন নির্বাহী পর্ষদ সেই সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে কাজ করবে।
মারুফ জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে গত বুধবার চিন্তকের সাবেক সম্পাদক ইভান তাহসীবের সভাপতিত্বে সদস্যদের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নতুন নির্বাহী পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চিন্তক প্ল্যাটফর্মটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।
কসমিক ডেস্ক