পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ফয়সালকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।
স্থানীয়দের মতে, সড়কে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। ঈদ-পরবর্তী সময়ে সড়কে যানবাহনের চাপও ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
কসমিক ডেস্ক