দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক চিন্তা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণকে সামনে রেখে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি।
শুক্রবার সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে ১৭ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দুই নেতা।
ঘোষিত কমিটিতে আরও রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তরুণদের অংশগ্রহণ এবং নতুন দৃষ্টিভঙ্গির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের উদ্যোগের মাধ্যমে ছাত্র-জনতার প্রত্যাশা ও স্বপ্নকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করা হবে।
সংগঠনের পরিকল্পনা অনুযায়ী, নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগ বাড়িয়ে একটি বিস্তৃত সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণ প্রজন্মকে সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, নতুন চিন্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা সম্ভব।
কমিটির সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলায় সফর এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় আয়োজিত একটি আলোচনা সভার মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
কসমিক ডেস্ক